প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আসুরা আক্তার পাখি (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৭ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুরা আক্তার পাখির বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমানগর গ্রামে। সে ওই এলাকার আবুল বাশারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান,পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া তার ইনহেলেশন ইনজুরি (শ্বাসনালিতে দগ্ধজনিত ক্ষতি) ছিল। যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতের দিকে মারা যান তিনি।
এর আগে একই ঘটনায় নুরজাহান আক্তার ও তার ছেলে শাওন এবং দেবর সুমনের মৃত্যু হয়। সর্বশেষ পাখি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরও ৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV