
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরহাজারী এলাকায় নিজ বাড়ি থেকে আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজন ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে সুজন বিয়ে করেন। বর্তমানে তার চার মাস বয়সী একটি ছেলেসন্তান আছে। কয়েক বছর প্রবাসে থাকার পর প্রত্যাশিত সাফল্য না পেয়ে তিনি দেশে ফিরে আসেন। পরে আনোয়ারা কেইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। তবে দেড় মাস আগে চাকরি হারানোর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে স্বজনরা জানান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, বাড়ির রান্নাঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।