প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 30, 2026 ইং
তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য ২০ বছর পর সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বগুড়া থেকে ঢাকা ফেরার পথে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
শুক্রবার জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসছেন। এদিন জেলার ৬টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেবেন তিনি।
তিনি আরও বলেন, এর আগে ১১ জানুয়ারি বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু নির্বাচন আচরণ বিধির কারণে নির্বাচন কমিশনের অনুরোধে তিনি তার উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন।
এদিকে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতেও তারেক রহমানের সিরাজগঞ্জ জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার বরাবর প্রেরণ করা ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে।
সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জনসভা সফল করতে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি জনসমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হবে, ইনশাআল্লাহ।
এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটি জনসভায় উপস্থিত ছিলেন। ২০০৮ সালে দেশ ছাড়ার দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV