প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন স্থবির

পৌষের এই সময়ে উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের অন্যান্য প্রান্তের মতোই শীতের তীব্রতা বেড়েছে, যেখানে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে কনকনে শীতের পাশাপাশি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা চাদরের মতো ঘিরে থাকছে পুরো এলাকাকে।
আবহাওয়া অফিস জানায়, গত দুই দিন ধরে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো জেলা। ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কনকনে ঠান্ডা ও হিম বাতাসের কারণে সকালবেলা রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কেটে যায় এবং সূর্যের দেখা মেলে। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তাপমাত্রা আরও কিছুটা কমে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুসারে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে মাঝারি, ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV