প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে চরলক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে জামিনে মুক্তি পাওয়া এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পরপরই সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
একটি সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী পিয়ারুল ও শিমুল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। জামিনে মুক্ত নয়ন মন্ডল পিয়ারুল গ্রুপের সঙ্গে যুক্ত থাকায় প্রতিপক্ষ শিমুল গ্রুপের শিমুল, সাব্বির, কিবরিয়া ও তাদের সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কারাগার থেকে জামিনে মুক্তির পরপরই নয়ন নামের ওই যুবককে লক্ষ্য করে তার প্রতিপক্ষরা গুলি চালায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করার পাশাপাশি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV